শেয়ার বাজার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ২৫ মে ২০২৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: এসপি মাসুদ

চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরে আসলে সন্ত্রাসী যেই হোক, ইয়াসিন, রোকন বা অন্য কেউ—আমরা সবাইকেই শনাক্ত করার চেষ্টা করবো। কারা এর পেছনে আছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

রোববার (২৪ মে) দিবাগত রাতে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর, পাল্টা অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। পরদিন সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসপি মাসুদ বলেন, এখানে বড় ধরনের আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। কোটি কোটি টাকার বিষয় এখানে। যাদের নিয়ন্ত্রণে ছিল, সেই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হওয়ার আগেই তারা কিছুটা ঝাঁকুনি দিচ্ছে, এটাই স্বাভাবিক।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং সামনে আরও শক্তভাবে অবস্থান নেবে। আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করবো।

জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী
জনগণকে সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা করা লাগবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৪

জনগণকে সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা করা লাগবে না

জনগণকে তাদের প্রত্যাশিত সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবনির্বচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সেবা যদি নিশ্চিত করতে পারেন, ভবিষ্যতে ভোটের কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন সেটাই আমরা চাই।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জাতির পিতা প্রথমে ইউনিয়ন পর্যায়ে দশ বেডের হাসপাতাল তৈরি করার ব্যবস্থা নিয়েছিলেন। তিনি সম্পূর্ণ করতে পারেননি। সরকারে আসার পর আমি কমিউনিটি ক্লিনিক করলাম। স্থানীয় লোক সেখানে জমি দেয়, আমরা বিল্ডিংয়ের ব্যবস্থা করা, চিকিৎসার সরঞ্জামাদি ব্যবস্থা করা, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ দিয়ে সেখানে নিয়োগ দেই। ৩০ প্রকারের ওষুধ আমরা বিনামূল্যে দিচ্ছি। আপনারা জনপ্রতিনিধি হিসেবে এসব দিকে নজর দেবেন যে, স্বাস্থ্যকেন্দ্রগুলো সঠিকভাবে চলছে কি না। মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে কি না। মানুষ সেবা পাওয়াটাই বড় কথা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা ও ইকরামুল হক টিটুকে শপথ পড়ান। এদিন একই সঙ্গে ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এর বাইরে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।

গেল ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ করা হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা।


নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

Kayes@Aaa

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত এবাদুল হক উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, এবাদুল হক শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ির পাশের একটি পতিত ডোবা থেকে মাছ ধরতে যায়। সেখানে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকে। পরে পরিবারের লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এবাদুল হকের পিতা মোশাররফ হোসেন জানান, মাছ ধরতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি এবাদুল মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ির পাশের ডোবা থেকে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে সে মারা গেছে। ছেলেটি অত্যন্ত ভালো ছিল, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি কোতোয়ালি থানার আওতায়, তারা দেখবে।


চিলাহাটিতে কুকুরের আতঙ্ক, স্কুলগামী শিশুরাও নিরাপদ নয়

Kayes@Aaa

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চিলাহাটিতে কুকুরের আতঙ্ক, স্কুলগামী শিশুরাও নিরাপদ নয়

নীলফামারীর চিলাহাটি বাজার ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। বিশেষ করে রাতে দলবদ্ধ কুকুরের চলাচলে আতঙ্কে রয়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এতে স্কুলগামী শিশুদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


স্থানীয়রা জানান, চিলাহাটির বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় দলবদ্ধভাবে কুকুর ঘোরাফেরা করে। রাতে পথচারীদের পিছু নেওয়া ও তাড়া করার ঘটনায় অনেকেই আতঙ্কের মধ্যে চলাচল করেন। শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকটি গৃহপালিত প্রাণী কুকুরের আক্রমণের শিকার হয়েছে বলেও জানান তারা।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব থাকলেও এটি নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের দাবি, জননিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক। বিশেষ করে স্কুলগামী শিশু ও রাতে চলাচলকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।