শেয়ার বাজার

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ ২০২৪

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে শহরের নতুনহাটে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।

তিনি জানান, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।

তিনি আরও জানান, রমজান মাসে ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বাজেট
অটোরিকশা থেকেই আসবে হাজার কোটি টাকা রাজস্ব! বাজেটে বড় চমক দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬

অটোরিকশা থেকেই আসবে হাজার কোটি টাকা রাজস্ব! বাজেটে বড় চমক দিচ্ছে সরকার

সারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করার পাশাপাশি রাজস্বের পরিধি বাড়াতে এবার যুগান্তকারী এক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার জোরালো প্রস্তুতি চলছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে প্রায় এক কোটির কাছাকাছি অটোরিকশা চলাচল করছে, যা থেকে গড়ে মাত্র ১ হাজার টাকা করে কর আদায় করা গেলেও সরকারের ঘরে আসবে প্রায় হাজার কোটি টাকার বিশাল রাজস্ব। প্রাথমিক প্রস্তাবনায় সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার, পৌরসভায় ২ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করা হলেও, সাধারণ মালিকদের স্বস্তির কথা চিন্তা করে চূড়ান্ত পর্যায়ে এই করের হার অর্ধেক কমিয়ে যথাক্রমে ২৫০০, ১০০০ এবং ৫০০ টাকা করার জোর সম্ভাবনা রয়েছে।

"এবার বাজেটে ব্যাটারিচালিত অটোরিকশাকে করের আওতায় এনে ১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বড় পরিকল্পনা করছে সরকার।"

নিবন্ধনের বাধ্যবাধকতা ও আইনি জটিলতায় এতদিন এই বিশাল খাতটি করের আওতার বাইরে থাকলেও, নতুন বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালার অধীনে এদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। এই করের বড় বোঝা মূলত চালকদের ওপর নয়, বরং বহন করতে হবে গ্যারেজ বা রিকশা মালিকদেরই। ঢাকার অটোরিকশাচালক জজ মিয়া ও সুলতান মিয়ার মতো খেটে খাওয়া মানুষেরা জানান, মহাজনেরা ইতিমধ্যে করের দায়ভার নেওয়ার আশ্বাস দিয়েছেন, ফলে তাদের দৈনিক জমার হার বাড়বে না। উল্টো লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে রাস্তায় অটোরিকশার সংখ্যা সুনির্দিষ্ট করা হলে তাদের দৈনিক আয় আরও বাড়বে এবং সড়কে দীর্ঘদিনের চলাচলের বিশৃঙ্খলাও দূর হবে বলে আশা করছেন এই খাতের সাধারণ চালক ও যাত্রীরা।


রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেবে পুলিশ, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ধর্ষণের মতো যত ঘটনা ঘটেছে, সব ঘটনার দ্রুত আসামি গ্রেফতার হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৬৪ ধরায় আসামির দেওয়া জবানবন্দি অনুযায়ী তদন্ত শেষ করতে বেশি দিন লাগবে না।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এই মামলার বিষয়ে তিনি জানালেন, তনু হত্যার মামলায় আরও একজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্তক আছে বিজিবি। সারাদেশে জন নিরাপত্তা নিশ্চিতের জন্য যা দরকার, তা করা হচ্ছে।


চান্দিনায় মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ, হতাহত নেই

Kayes@Aaa

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চান্দিনায় মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ, হতাহত নেই

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস, দুটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সিমেন্টবাহী ট্রাকের মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হননি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কুটুম্বপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা হাইয়েস মাইক্রোবাস আকস্মিক ব্রেক করে। এ সময় পেছনে থাকা ক্রাউন সিমেন্টবাহী একটি খোলা ট্রাক (ঢাকা মেট্রো-উ-১১-৩১১৫), অপর একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৯৮০৩) এবং সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ১১-০২৬৪) পরপর সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরকারি রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যায় কুটুম্বপুর এলাকায় কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।