শেয়ার বাজার

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার, ২৭ মে ২০২৬

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।

দেশে এই উৎসব ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে।  সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী, হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাঈলকে (আ.) কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তাঁর আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাঈল (আ.) এর পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়।

ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের গভীর সম্পর্ক রয়েছে। সৌদি আরবে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এরই মধ্যে হজ পালনকারীরা আরাফাতের ময়দান, মুজদালিফা ও মিনায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বিশ্বের বহু দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছে।

এদিকে ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি মিলিয়ে এ দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে।

এর আগে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। তবে ঈদের ছুটিতেও হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো চালু থাকবে। এসব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।

সংবাদমাধ্যমেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বা যেকোনো ভোগান্তির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বাসস

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

Kayes@Aaa

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে, নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। 

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডেঙ্গু মোকাবিলা করতে হলে সবার প্রচেষ্টা প্রয়োজন মন্তব্য করে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশেপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো, এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার, কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার। 

পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে এ সময় বক্তব্যে তিনি সন্দেহ প্রকাশ করেন।


রাজশাহীর চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের রোমহর্ষক নেপথ্য কাহিনী
৮ বার হাতবদল হওয়া মুঠোফোনেই খুলল মা-ছেলে খুনের জট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬

৮ বার হাতবদল হওয়া মুঠোফোনেই খুলল মা-ছেলে খুনের জট
রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামে ২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে নিজ ঘরে নির্মমভাবে খুন হন আকলিমা বেওয়া ও তাঁর ছেলে জাহিদ হাসান।
দীর্ঘ এক বছর ধরে স্থানীয় পুলিশ তদন্ত করলেও এই রোমহর্ষক জোড়া হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা করতে পারেনি। পরবর্তীতে তদন্তভার পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নজর দেয় ঘটনাস্থল থেকে খোয়া যাওয়া ভুক্তভোগীর একটি সাধারণ মুঠোফোনের দিকে। ফোনটির আইএমইআই নম্বর ধরে অনুসন্ধান করতে গিয়ে পিবিআই জানতে পারে, ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হওয়া এই ফোনটি একে একে আটবার হাতবদল হয়ে পৌঁছে গেছে নেত্রকোনার এক ব্যক্তির কাছে। এই সাধারণ একটি মুঠোফোনের সূত্র ধরেই শেষ পর্যন্ত উন্মোচিত হয় দীর্ঘদিনের ঢাকা পড়ে থাকা খুনের নেপথ্য কাহিনী।

পিবিআইয়ের নিবিড় তদন্তে বেরিয়ে আসে, পারিবারিক জমিজমা ও মাদক ব্যবসার বিরোধের জের ধরে আকলিমার চাচাতো দেবর আবুল হোসেন মাস্টার এবং প্রতিবেশী হাবিবুর রহমান এই হত্যাকাণ্ডের চূড়ান্ত নীল নকশা তৈরি করেছিলেন। খুনের উদ্দেশ্যে ১৮ কিলোমিটার দূর থেকে ভাড়াটে খুনিদের মোটরসাইকেলে করে ঘটনাস্থলে নিয়ে আসা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে নির্মমভাবে জবাই করা হয়। ঘটনার পর হত্যাকারীরা আকলিমার মোবাইলটি সঙ্গে করে নিয়ে যায়, যা পরে হাতবদল হতে থাকে।

পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, খোয়া যাওয়া ফোনের হাতবদলের প্রতিটি ধাপ চুলচেরা বিশ্লেষণ করেই মূল পরিকল্পনাকারীসহ ঘাতকদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে, যা দেশের অপরাধ তদন্তের ইতিহাসে একটি বড় মাইলফলক।

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

Kayes@Aaa

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার।

ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে তা জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতেই দাখিলপত্র পেশের এ বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।