শেয়ার বাজার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর থাকবে খোলা

Kayes@Aaa

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর থাকবে খোলা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যথারীতি নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

এর আগে মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লেখ করা হয়েছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে দিবসটি ২৩ সেপ্টেম্বর পড়ায় ছুটির তারিখে এই সমন্বয় আনা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে হবে। তবে পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কোনো প্রতিষ্ঠান চাইলে প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহার করে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাবেন।

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতাভুক্ত থাকবে।

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত

Kayes@Aaa

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ ও পদায়নের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করতে হবে। এরপর আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর চূড়ান্ত পদায়নের আদেশ জারি করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দিয়ে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীর নিয়োগপত্র জারি করা সম্ভব না হলে তার সুনির্দিষ্ট কারণ, কোটাসংক্রান্ত তথ্য ও মতামতসহ বিস্তারিত তালিকা আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। তবে নবনিযুক্ত শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপত্র হস্তান্তরের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা এবং বয়সসংক্রান্ত যাবতীয় মূল সনদপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের কঠোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, ২০২৫ সালের ৩০ নভেম্বর তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া স্বাস্থ্যগত সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট নিশ্চিত হয়েই চূড়ান্ত নিয়োগ আদেশ দেওয়া হবে।

নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে যে, পুলিশ ভেরিফিকেশন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে কোনো বিরূপ পর্যবেক্ষণ থাকলে কিংবা ডোপ টেস্টে অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ স্থগিত থাকবে।


পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব আনুষ্ঠানিকতা শেষে গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যাতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছিল।



শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Kayes@Aaa

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষার্থীদের সুরক্ষায় ও সুস্থ পরিবেশ নিশ্চিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক এবং জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন বা অফলাইন জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে এসব কমিটি কতদিনের মধ্যে গঠন করতে হবে কিংবা কমিটির কাঠামো ও কার্যপরিধি কেমন হবে—সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হতে পারে।


২০২৫ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৪

২০২৫ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। এ পরিকল্পনা অনুযায়ী সেভাবেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে আগামী বছর এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।

মঙ্গলবার (৫ মার্চ) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক তপন কুমার বলেন, করোনাভাইরাস পরিস্থিতির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম। আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো। করোনার কারণে পাবলিক পরীক্ষার সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। আশা করছি আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারবো।

আগামী বছরের এইচএসসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে অধ্যাপক তপন কুমার বলেন, আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় সংক্ষিপ্ত অর্থাৎ ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।