শেয়ার বাজার

বাউবিতে মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল ও জবাবদিহিমূলক করতে সমন্বয় সভা

Kayes@Aaa

প্রকাশিত: বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বাউবিতে মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল ও জবাবদিহিমূলক করতে সমন্বয় সভা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক, শাখাপ্রধান এবং আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সনদ সংশোধনের প্রক্রিয়া সহজীকরণ, উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং পরীক্ষা চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাউবির সব স্কুলের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, কর্মকর্তা-কর্মচারীদের বদলি নীতিমালা প্রণয়ন, জনবলের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন প্রোগ্রাম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে প্রচার ও ব্র্যান্ডিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তৃতীয় লিঙ্গ ও নারী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ফি আরও কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষায় অসাধু উপায় প্রতিরোধে প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করার বিষয়েও কর্মকর্তারা মতামত দেন।

স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তালেবের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

তিনি বলেন, “স্বল্প জনবল ও সীমিত অর্থনৈতিক কাঠামোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের পথে আমরা এগিয়ে যাব।”

বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের প্রতিষ্ঠান নয় উল্লেখ করে উপাচার্য বলেন, “বাউবি ডিগ্রি অর্জনের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এই লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি দ্রুত ই-অ্যাটেনডেন্স প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে আসন্ন বাউবির ষষ্ঠ সমাবর্তন ও বিশ্ববিদ্যালয় দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষায় ৩০ মিনিট বেশি সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪

পরীক্ষায় ৩০ মিনিট বেশি সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের স্নাতক দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি ৩০ মিনিট সময় বরাদ্দ পাবেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা স্নাতক কলেজগুলোর কেন্দ্রসচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আপনার কলেজ কেন্দ্রে ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি) পরীক্ষার্থী থাকলে বর্ণিত শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে।


শর্তগুলো হলো- সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে, পরীক্ষা শুরুর কমপক্ষে দু-দিন আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে প্রেরণ করতে হবে।

তাছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সিলগালা করে ‘উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স দ্বিতীয় বর্ষ শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’ এ ঠিকানায় পাঠাতে হবে। প্যাকেটের ওপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

Kayes@Aaa

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ৩ নেতা-কর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে সংগঠিত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির বিষয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে লিখিত একটি প্রতিবেদন গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তগত হয়েছে।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে তিনি বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল), আরিফুল ইসলাম (জিএস, জিয়া হল সংসদ)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হলো।

তিনি আরও বলেন, রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।


শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর থাকবে খোলা

Kayes@Aaa

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর থাকবে খোলা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যথারীতি নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

এর আগে মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লেখ করা হয়েছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে দিবসটি ২৩ সেপ্টেম্বর পড়ায় ছুটির তারিখে এই সমন্বয় আনা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে হবে। তবে পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কোনো প্রতিষ্ঠান চাইলে প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহার করে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাবেন।

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতাভুক্ত থাকবে।