শেয়ার বাজার

১৫টি কবরের ওপরের মাটি সরানো, ভেতরের দৃশ্যে এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

১৫টি কবরের ওপরের মাটি সরানো, ভেতরের দৃশ্যে এলাকায় তোলপাড়

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে ১৫টি কঙ্কালের হদিস মিলছে না। স্থানীয়দের ধারণা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এই ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতদিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সকালে স্থানীয়রা কবরস্থানে গেলে এ ঘটনা জানতে পারে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও বলেন, কবরস্থানের কবরগুলোর উপরের মাটি সরানো। সেখানে কোনো মরদেহ নেই। কিন্তু চুরি হয়েছে কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিভিন্ন সময়ে কঙ্কালগুলো হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

Kayes@Aaa

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত এবাদুল হক উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, এবাদুল হক শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ির পাশের একটি পতিত ডোবা থেকে মাছ ধরতে যায়। সেখানে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকে। পরে পরিবারের লোকজন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এবাদুল হকের পিতা মোশাররফ হোসেন জানান, মাছ ধরতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি এবাদুল মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর বাড়ির পাশের ডোবা থেকে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে সে মারা গেছে। ছেলেটি অত্যন্ত ভালো ছিল, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি কোতোয়ালি থানার আওতায়, তারা দেখবে।


দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫

দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দেশে নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন।

সংবাদ সম্মেলনে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা দেশের বাইরে কী করছে, আমরা তা মনিটর করছি।

তিনি বলেন, বাইরে থেকে যদি তারা (আওয়ামী লীগ) এমন কোনো কার্যকলাপ করে যা অস্থিরতা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রেও আমরা নজর রাখছি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে জানানো হবে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরুতে বাসাবাড়িতে সীমিত আকারে দলীয় কার্যক্রম চালাতেন। তবে সম্প্রতি কলকাতা লাগোয়া একটি বাণিজ্যিক কমপ্লেক্সে তারা নতুন ‘পার্টি অফিস’ খুলেছেন, যেখানে যাতায়াত করছেন দলের সাবেক শীর্ষ ও মধ্যম স্তরের কয়েকজন নেতা।


আড়াইহাজারে ‘চাঁদা’ না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

আড়াইহাজারে ‘চাঁদা’ না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি থেকে মাটি কেটে বিক্রির সময় দাবি করা টাকা না দেওয়ায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 

বুধবার (১৯ মে) দিবাগত সাড়ে ১২টার দিকে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম ওসমান গনি (৪৫)। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নিহত ওসমান গনি আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকার আব্দুর রশিদের ছেলে।
হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 
নিহতের স্বজনরা জানান, ওসমান গনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কাউন্দা চকে জমি থেকে মাটি কিনে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন। ওই সময় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজানসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা দাবি করেন। ওসমান গনি সেই টাকা দিতে অস্বীকৃতি জানান।
গত রাত সাড়ে ১২টার দিকে মাটি কাটার ভেকুটি নষ্ট হয়ে গেলে ওসমান গনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পাঁচগাঁও এলাকায় যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রমজান ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে ওসমান গনিসহ বেশ কয়েকজনকে গুরুতর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় ওসমান গনিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২১ মে) সকালে ওসমান গনির সমর্থক ও বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা আড়াইহাজার-ভুলতা সড়কের বিনাইরচর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় উত্তেজিত জনতা হামলাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এছাড়া কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত রমজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মাটি কাটাকে কেন্দ্র করে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।