শেয়ার বাজার

বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সেতুবন্ধনে মাইশা ট্রাভেল

Kayes@Aaa

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সেতুবন্ধনে মাইশা ট্রাভেল

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ইনট্যাক) ২০২৬’-এ অংশ নিয়ে পর্যটনসেবা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেছে মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি।

তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশ নেয়। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ১৫৫টি বুথে বিভিন্ন দেশের পর্যটন গন্তব্য, সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনসেবা তুলে ধরা হয়।

প্রদর্শনীতে মাইশা ট্রাভেল বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা, ট্যুর প্যাকেজ ও পর্যটনসেবা তুলে ধরার পাশাপাশি মালয়েশিয়া থেকে বাংলাদেশে পর্যটক আনা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিন্টু এমডি ইসহাক বলেন, ‘আমরা চাই মালয়েশিয়া থেকে কিছু ইনভেস্টর বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারি।’

এদিকে প্রদর্শনীতে টানা দ্বিতীয়বারের মতো অংশ নেয় বাংলাদেশ। দুটি বুথের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রযুক্তিনির্ভর পর্যটনসেবা তুলে ধরা হয়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ও পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি যৌথভাবে এ উদ্যোগ নেয়।

বাংলাদেশ বুথ পরিদর্শন করেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বের কথা বলেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাবারের বৈচিত্র ও পর্যটন গন্তব্য সম্পর্কে বিদেশি দর্শনার্থীদের জানানো হয়েছে।

প্রদর্শনীর ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক ভিডিওচিত্র প্রদর্শনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের একটি দল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা করে। এসব পরিবেশনা দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।

সংশ্লিষ্টরা বলছেন, ইনট্যাকের মতো আন্তর্জাতিক আয়োজন পর্যটন গন্তব্য প্রচারের পাশাপাশি ট্রাভেল এজেন্সি, পর্যটনসেবা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন, ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

গাজায় ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত


গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহ নিয়ে যাচ্ছে স্বজন ও প্রতিবেশীরা। রয়টার্স

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলে ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চললেও ইসলায়েলি বাহিনীর একের পর এক হামলায় তা অত্যন্ত নড়বড়ে হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের কয়েক সপ্তাহ ধরে চালানো বিমান হামলা থামানোর পর থেকে ইসরায়েল গাজায় হামলা বৃদ্ধি করেছে। ফিলিস্তিনি এই ভূখণ্ডের অর্ধেকের বেশি এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে, বাকি অংশগুলোতে হামাস তাদের নিয়ন্ত্রণ জোরদার করে তুলছে, লিখেছে রয়টার্স।

গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি হামলায় এক পুলিশ পোস্টের কাছে এক ফিলিস্তিনি ও আরেকজন এক তাঁবুতে নিহত হয়।

তাদের জন্য ‘হুমকি হয়ে ওঠা এক জঙ্গিকে’ তারা খান ইউনিসে হত্যা করেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর।

পৃথকভাবে আরেক দল চিকিৎসা কর্মী জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর দিয়ের আল-বালাহে এক কমিউনিটি কিচেনের কাছে ইসরায়েলি আকাশ হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েল বলছে, তারা হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে যিনি ‘ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছিলেন’।

গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজনকে খান ইউনিসে গুলি করে আর অপর দুইজনকে দিয়ের আল-বালাহে একটি বেকারির কাছে আকাশ হামলা চালিয়ে হত্যা করা হয়।

শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা শত্রুবার গাজা সিটিতে সুনির্দিষ্ট লক্ষ্যস্থলে আঘাত হেনে গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করেছে।

হামাস হাদ্দাদের মৃত্যুর কথা নিশ্চিত করলেও প্রতিশোধ নেওয়ার কোনো হুমকি দেওয়া থেকে বিরত ছিল।

অক্টোবরে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময় ফিলিস্তিনিদের পাল্টা হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।


স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার দাবি ইরানি হ্যাকার গ্রুপের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬

স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার দাবি ইরানি হ্যাকার গ্রুপের

প্রো-ইরান হ্যাকারদের বিরুদ্ধে স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ উঠেছে। ‘ইসলামিক সাইবার রেজিস্ট্যান্স ইন ইরাক-৩১৩ টিম’ নামের একটি হ্যাকার গ্রুপ এই ডিডস (ডিডিওএস) হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানায় জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (১২ মে) স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য করে এ সাইবার হামলা চালানো হয়, যার ফলে প্ল্যাটফর্মটিতে বড় ধরনের বিঘ্ন ঘটে। 

একদিন পর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায়ও, অনেক ব্যবহারকারী অ্যাপে প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন। 

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে ব্যবহারকারীরা স্পটিফাই ব্যবহারে সমস্যার কথা জানান।

স্পটিফাইয়ের সাপোর্ট টিম এক বিবৃতিতে জানায়, অ্যাপ, ওয়েবসাইট ও ওয়েব প্লেয়ার ধীরগতি বা অকার্যকর হওয়ার বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে হ্যাকার গ্রুপটি টেলিগ্রামে দাবি করে, তারা স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য করে 'বৃহৎ সাইবার হামলা' চালিয়েছে এবং এতে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

গ্রুপটি আরও দাবি করে, এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ।

এদিকে সোমবার ইসরায়েলজুড়ে একাধিক নাগরিককে হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানোর ঘটনাও সামনে এসেছে। এসব বার্তা বিভিন্ন ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়, যা দেখতে বৈধ মনে হলেও পরে জানা যায়, এগুলো হ্যাক করা বা ভুয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।


মাহাথিরের পাশে আর নেই হাসমাহ
১০০ বছরে থামল পথচলা, রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হবে শেষ বিদায়

Kayes@Aaa

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১০০ বছরে থামল পথচলা, রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হবে শেষ বিদায়

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ হারালেন তার দীর্ঘ জীবনের সঙ্গী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে। ১০০ বছর বয়সে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।


সোমবার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। তিনি ডা. সিতি হাসমাহর শেষকৃত্যের আয়োজন করতে সরকারের প্রধান সচিব ও সশস্ত্র বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছেন।


আনোয়ার ইব্রাহিম সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সরকার ও মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকেও শোক প্রকাশ করে তিনি বলেন, দেশের মানুষ ডা. সিতি হাসমাহর ‘মাতৃসুলভ উপস্থিতি’ স্মরণ করবে এবং দেশের জন্য তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করবে।
১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন ডা. সিতি হাসমাহ। সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করে তিনি মালয় নারীদের মধ্যে চিকিৎসা পেশায় অগ্রণী ভূমিকা রাখেন।


১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ দাম্পত্যজীবনে মাহাথিরের রাজনৈতিক পথচলার পাশাপাশি দেশের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


পরবর্তীতে মাহাথির মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হলে ডা. সিতি হাসমাহ দেশটির প্রধানমন্ত্রীর সহধর্মিণী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।


এক শতাব্দীর জীবন শেষে তার বিদায়ে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে দেশটির ইতিহাসের এক পরিচিত ও প্রভাবশালী নারীর দীর্ঘ পথচলা।