শেয়ার বাজার

স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ

Kayes@Aaa

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬

স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ

নগরীর রেসকোর্স এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন। এর আগে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত শিক্ষার্থীর ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দূরপাল্লার বাস থেকে নেমে রেসকোর্স এলাকার বাসায় ফেরার উদ্দেশ্যে সুমনের অটোরিকশায় ওঠে তাজমিন। গভীর রাতে কিশোরীকে একা পেয়ে চালক গন্তব্যে না গিয়ে ভিন্ন পথে গাড়ি চালাতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে তাজমিন অটোরিকশা থেকেই নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাবার কাছে ‘লাইভ লোকেশন’ ও বার্তা পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার আকুতি জানায়। তবে গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় সেই বার্তা সময়মতো দেখতে পাননি।

অটোরিকশাটি বিজরা, রসুলপুর ও শিকারীপাড়া পার হয়ে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি নির্জন ধানক্ষেতে গিয়ে থামে। সেখানে নিজেকে বাঁচাতে তাজমিন কয়েকটি ধানক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঘটনাস্থলে ধস্তাধস্তির একপর্যায়ে চালক সুমন একাই তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর অটোরিকশাটি ধানক্ষেতেই ফেলে রেখে পালিয়ে যায় সে। বৃহস্পতিবার সকালে ওই স্থান থেকে তাজমিনের মরদেহ ও পাশে পড়ে থাকা অটোরিকশাটি উদ্ধার করে লালমাই থানা-পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তাজমিনের দাফতরিক পরিচয় শনাক্তের পাশাপাশি উদ্ধার করা মোবাইল ফোনের কলতালিকা পর্যালোচনা করে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। তার বাবা রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত থাকায় পরিবারসহ কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সে নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল; তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে স্কুলে অনুপস্থিত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহতের পরিবারের তথ্যমতে, গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল তাজমিন। পরে বুধবার রাত ১২টা ১৯ মিনিটে তাকে নগরীর হোটেল নূরজাহানের সামনে সবশেষ দেখা যায়। এর কয়েক ঘণ্টা পর রাত ২টা ৫৮ মিনিটে সে বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠায়। পরদিন সকালে অজ্ঞাতপরিচয় হিসেবে তার মরদেহ উদ্ধারের পর স্বজনরা গিয়ে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

Kayes@Aaa

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, এ সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ আছে।

দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দু-দেশের সরকার প্রধান একসঙ্গে বসলে সেসব সমস্যা সমাধান হবে। ঢাকা-দিল্লী সম্পর্ক এগিয়ে নিতে শতভাগ কাজ করবো।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত। দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন বলেও জানান তিনি।


জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

Kayes@Aaa

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

জানুয়ারির অধিবেশনেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের বিল তোলা হবে বলে জানিয়েছেন এ-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রস্তাবনায় পরিবর্তন আসায় সংশোধনী সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করা হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত নেয় বিশেষ কমিটি। সেখানে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিভেদ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।’

তিনি বলেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোট আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি চাওয়া হলেও তারা কোনো নাম দেয়নি। পরে বিরোধী দল কমিটিটিও প্রত্যাখ্যান করে।


সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Kayes@Aaa

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।