শেয়ার বাজার

নেতানিয়াহুকে ট্রাম্প ‘তুমি উন্মাদ'
উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে ট্রাম্প ‘তুমি উন্মাদ, এখন সবাই তোমাকে ঘৃণা করে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬

উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে ট্রাম্প ‘তুমি উন্মাদ, এখন সবাই তোমাকে ঘৃণা করে'

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি নিয়ে এক উত্তপ্ত ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রেগে গিয়েছিলেন বলে খবর হয়েছে।

লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের ওই অভিযান পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে ঝুঁকিতে ফেলছে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলতে থাকলে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই প্রবল বলে সোমবার জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওই ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বলে গালি দেন ও ‘অকৃতজ্ঞতার’ জন্য অভিযুক্ত করেন।

ওই ফোনালাপের বিষয়ে অবহিত এক সূত্র ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বৈরুতে আঘাত হানার ইসরায়েলি পরিকল্পনাতেও বাধা দিয়েছেন। লেবাননের রাজধানীতে বোমাবর্ষণ করার ইসরায়েলি হুমকি বিশ্বে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে তুলবে বলেও নেতানিয়াহুকে সতর্ক করেন তিনি।

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

ট্রাম্প আরও দাবি করেছেন, তিনি নেতানিয়াহুকে কারাগারে যাওয়া থেকে বাঁচানোর ক্ষেত্রে সাহায্য করেছেন। দুর্নীতির অভিযোগে ইসরায়েলি নেতার বিচার চলাকালে ট্রাম্প তার প্রতি যে সমর্থন জানিয়েছিলেন এটি তার উল্লেখ।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, “তুমি বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচিয়েছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে।”

সূত্র জানিয়েছেন, এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর ওপর রেগে গিয়ে বলেন, “তুই কী করতাছোস?”

ফোনালাপের আগেই থেকেই ট্রাম্প জানতেন, হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে আর তেল আবিবের নিজেকে রক্ষা করা দরকার। কিন্তু সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প অনুভব করছিলেন নেতানিয়াহু সামঞ্জস্যহীনভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান

বৈরুতে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের স্থল অভিযানেরও বিস্তৃতি ঘটিয়েছে। খবরে প্রকাশ, লেবাননে সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধির নেতানিয়াহুর সিদ্ধান্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ঝুঁকির মুখে পড়ছে, এমনটি জানার পর ট্রাম্প ক্ষুব্ধ হন।

মার্কিন সূত্রগুলো অ্যাক্সিওসকে জানায়, ইসরায়েলি হামলায় বহু লেবাননি বেসামরিক নিহত হওয়া নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন হয়ে ছিলেন। আর হিজবুল্লাহর একজন নেতাকে হত্যার জন্য একটি পুরো ভবন উড়িয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনায়ও আপত্তি জানিয়েছিলেন তিনি।

এই ফোনালাপের পর ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানান, বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে আর হামলার পরিকল্পনা করছে না ইসরায়েল।

ইরাকে বিমান ঘাঁটিতে হামলা
ইরাকে বিমান ঘাঁটিতে হামলা, মার্কিন সেনা আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪

ইরাকে বিমান ঘাঁটিতে হামলা, মার্কিন সেনা আহত

বার্তাবেলা ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান-সমর্থিত মিলিশিয়ারা আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে হামলা চালানো হয়।

হামলার ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া কমপক্ষে একজন ইরাকি কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।

নিজেদের ইসলামিক রেজিস্ট্যান্স বলে দাবি করা একটি গ্রুপ ওই বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গ্রুপটি ২০২৩ সালের শেষের দিকে প্রকাশ্যে এসেছে। ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে এটি গঠিত হয়েছে বলে জানানো হয়।

সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু হামলার দাবি করেছে এই গোষ্ঠী। গত কয়েক বছরে আল আসাদ ঘাঁটিতে বারবার হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা আটকানো সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ঘাঁটিতে আঘাত হেনেছে।

গত ৭ অক্টোবরে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হামলা বেড়ে গেছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী এবং এর মিত্ররা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

শনিবার মার্কিন বাহিনী হুথিদের বিরুদ্ধে আবারও বিমান হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। মার্কিন সামরিক বাহিনী বলছে, তারা হুথিদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানে হামলা চালিয়েছে।


অবশেষে গাজায়-ইসরায়েলের চারদিনের যুদ্ধবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৩

অবশেষে গাজায়-ইসরায়েলের চারদিনের যুদ্ধবিরতি শুরু

বার্তাবেলা: গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে এই চুক্তি কার্যকর হয়। এতে মধ্যস্থতা করছে কাতার। এই যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে কিছু বন্দিবিনিময়ের কথা রয়েছে।

যদিও যুদ্ধবিরতিকে সামনে রেখে গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। পাওয়া গেছে হতাহতের খবরও। তাছাড়া যুদ্ধবিরতি শেষে আবারও গাজায় হামলা চালানো শুরু হবে বলে জানিয়েছে তেলআবিব।

এর আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানায়। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে প্রাথমিকভাবে ১৩ বেসামরিক জিম্মিকে মুক্ত করবে হামাস। এসময় কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল।

এদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। কাফার শুবা, হালতা ও আল-জেবিন শহরের উপকণ্ঠে এসব বোমা হামলা চালানো হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লক্ষ্য করে সংগঠনটির যোদ্ধারা হামলা চলিয়েছে। এতে বেশ কিছু ইসরায়েলি বাহিনীর সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়।


বিক্ষোভে উত্তাল দিল্লি, পরপর আটক বিরোধী সাংসদরা

Kayes@Aaa

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে উত্তাল দিল্লি, পরপর আটক বিরোধী সাংসদরা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সাংসদরা। মঙ্গলবার সকালে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর ‘নির্বাচন সদন’-এর দিকে মিছিল বের করেন তারা।

মিছিলে বিরোধী সাংসদদের হাতে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার দেখা যায়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানোর দাবিও জানান বিরোধীরা।

নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার পথে বিরোধী সাংসদদের আটকে দেয় দিল্লি পুলিশ। পরে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার সঙ্গে অবস্থানে যোগ দেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের একাধিক সাংসদ।

বিক্ষোভে অংশ নেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি আগেই নির্ধারণ করেছিল ইন্ডিয়া ব্লক। গত সপ্তাহে জোটের বৈঠকের পর থেকেই এ কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকায় বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে। ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগসহ বিভিন্ন বিষয় সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলো।

এদিকে মঙ্গলবারের কর্মসূচিতে ইন্ডিয়া ব্লকের দুই গুরুত্বপূর্ণ শরিক দল ডিএমকে ও আম আদমি পার্টি (এএপি) অংশ নেয়নি বলে জানা গেছে।

বিরোধীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী।

বিক্ষোভের একপর্যায়ে রাহুল গান্ধীকে পুলিশের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ করতে দেখা যায়। কয়েকজন সাংসদও ব্যারিকেডের ওপর উঠে স্লোগান দেন। সমাজবাদী পার্টির কয়েকজন সাংসদ ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন।

এ সময় একের পর এক বিরোধী সাংসদকে আটক করে পুলিশ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কেসি বেনুগোপালকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রায় ২০০ মিটার দূরে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের একাধিক সাংসদ।

সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই অভিযোগ করেন, ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রায় ১৫ হাজার ভোটারের তথ্য তিনি জমা দিয়েছেন।